আগোছালো করে প্রয়োজন রাখি সরিয়ে,
ভীষণ ক্লান্ত রাতঘুম দেয় তারা,
কখনো সামনে কখনো বা দূরে থেকে,
কয়টা কথার প্রত্যাশা করে কারা?

তারা জ্বলজ্বল উজ্বল করে চোখ,
এখনো মোদের শ্বাস-প্রশ্বাস শোনে।
খুঁজে পেতে নেয় আমাদের রোগশোক,
চোখের তলার কালোদাগ টিও জানে।

খোলে, ভাঁজ করে - ফেলে আসা কত কথা।
হুইলচেয়ারে দুপুর রাত্রি গোনে।
দামি রিপোর্টের ভীত সংবাদ গুলো,
পার্টির শব্দে চুপ করে থাকে কোনে।

আমাদেরই কেউ দেয়ালের ছবিটাকে,
ফিরে পেতে চায় প্রতিদিন নিয়মিত।
বেছে দেওয়া দিনে শুভেচ্ছা পোস্ট করে,
কারো বা রোজের দায়িত্ব সমাপ্ত।
 
অবসরে । ২০১৪ ।